ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়লো ৫ গুণ

৭ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৮  
ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ (এনপিএসবি) এর আওতাধীন ব্যাংকসমূহে তথ্যপ্রযুক্তি-নির্ভর আন্তঃব্যাংক সেবা ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) সীমা ৫ গুণ বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।  নতুন নিয়মে ব্যক্তিগত হিসাব থেকে দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে ৫ লাখ টাকা ট্রান্সফার করা যাবে। তবে প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ ১ লাখ টাকা। অপরদিকে প্রতিষ্ঠানিক হিসাবে দৈনিক ২০টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা ট্রান্সফার করা যাবে। তবে প্রতিবার সর্বোচ্চ লেনদেন করা যাবে ২ লাখ টাকা। ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) সুবিধা উপভোগ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। প্রসঙ্গত, এতোদিন একজন গ্রাহক (ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রে) প্রতিদিন সর্বোচ্চ ৫ বার এবং মোট ২ লাখ টাকা লেনদেন করতে পারতেন। একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যেত। তথ্য-প্রযুক্তি-নির্ভর আন্তঃব্যাংক সেবা ইন্টারনেট ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এনপিএসবি এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) এর লেনদেনের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করে রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তঃব্যাংক এটিএম, পয়েন্ট অব সেলস (পস), ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং- এ ৪ ধরনের সেবা দেয়ার লক্ষ্য নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনবিএসবি চালু হয়। শুরুতে এনপিএসবির আওতায় শুধু এটিএম ও পস সেবা দেয়া হচ্ছিল। ২০১৭ সালের নভেম্বরে এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং তহবিল স্থানান্তর কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। ওই সময় প্রাথমিকভাবে ৬টি ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়। বর্তমানে এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং তহবিল স্থানান্তর কার্যক্রমে মোট ২৪টি ব্যাংক যুক্ত হয়েছে।